জনগণের অর্জন কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পরাজিত শক্তি জনরোষে ও জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে বাংলাদেশে তারা যে অন্যায়, অপরাধ ও হত্যাকাণ্ড করেছে, সেসবের বিচার অবশ্যই হবে। অনেক ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। জনগণের এই অর্জন কোনো অপশক্তি ছিনিয়ে নিতে পারবে না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরের বাকলিয়া এক্সেস রোডে দেশকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, ‘আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। কোথাও নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের গোপন তৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখতে পেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। কোনো অপশক্তির হুমকি-ধমকি কিংবা অপতৎপরতায় আমরা ভীত হবো না। আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সব ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের সেই উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহযোগী হিসেবে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার ধনিয়ারপুলে গিয়ে শেষ হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু ও মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী ইমরান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিউদ্দিন মিজানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ইসমাঈল বাবুল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, বিএনপি নেতা মো. সেকান্দর, আব্দুর রহিম, আব্দুল কাদের, রাজা মিয়া, আরিফুল হক ডিউক প্রমুখ।