চট্টগ্রাম: সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ এবং সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ মোকাবিলার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল, শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী, ডা. মোহাম্মদ খান ও সহ-সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরীসহ নেতারা।
সমাবেশে বক্তারা জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, পরিবহন ব্যয় ও কৃষিখাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। সাধারণ মানুষের ওপর এর প্রভাব পড়ছে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করে খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় চাপানোর নীতি জনগণ মেনে নেবে না।
তারা আরও বলেন, দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করা না হলে চট্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবে এনসিপি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে জামালখান প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জামালখান মোড় প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। এতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।