সতীশ বাবু লেইনের ভাইরাল ছিনতাই: মূলহোতা সাদ্দাম গ্রেপ্তার

নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার সতীশ বাবু লেইনে অটোরিকশার এক যাত্রীকে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর মূলহোতা ও ৯ মামলার আসামি মো. সাদ্দাম হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের টিম-৩১-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পাথরঘাটার সতীশ বাবু লেইনে মুজিবুর রহমানের ৬ষ্ঠ তলা ভবনের সামনে একটি অটোরিকশার যাত্রীকে গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

ভিডিও ভাইরাল হওয়ার পর ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায়। তারা বারবার অবস্থান পরিবর্তন করতে থাকায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি টিম-৩১।

অভিযানের একপর্যায়ে ভাইরাল ভিডিওতে সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। পরে উত্তর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে কর্ণফুলীর উত্তর শিকলবাহা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের ভাষ্য, সাদ্দাম একজন পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। ২০২৫ সালে নগরের টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ আরও জানায়, সাদ্দামের প্রকাশ্য কোনো জীবিকা নেই। তিনি তার সহযোগী মাইন উদ্দিন ওরফে বান্ডুর সঙ্গে ছিনতাই করে জীবিকা নির্বাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচারসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।