জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেন, পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনা ১ ও ২ নম্বর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, পলাতক আসামি শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধেও ১ ও ২ নম্বর অভিযোগে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ট্রাইব্যুনাল।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।