চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর ২০২৬: ২০২৫ সালে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং করায় চট্টগ্রাম বন্দরের তালিকাভুক্ত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে বিশেষ উৎসাহ বোনাস দেওয়া হয়েছে। এ বাবদ মোট ১৬ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। প্রত্যেক শ্রমিক-কর্মচারী পেয়েছেন ২৫ হাজার টাকা করে।
বন্দরের অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম শান্তি বজায় রাখার স্বার্থে বন্দর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শ্রম শাখার তালিকাভুক্ত শ্রমিক-কর্মচারীদের এ বিশেষ বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, বিশেষ বোনাসের অর্থ ‘চট্টগ্রাম বন্দর কনটেইনার, কার্গো হ্যান্ডলিং শ্রমিক ও কর্মচারী কল্যাণ তহবিল’ থেকে বহন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বন্দরের বোর্ড রুমে বিশেষ বোনাসের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম মো. সারওয়ারুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দীন, চিফ ওয়েলফেয়ার অফিসার, উপসচিব (সমন্বয়), ওয়েলফেয়ার অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের মালিক ও প্রতিনিধিদের হাতে বিশেষ বোনাসের চেক তুলে দেন বন্দরের কর্মকর্তারা।
বন্দর কর্তৃপক্ষের এ উদ্যোগে রেকর্ড পরিমাণ কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বন্দরের কার্যক্রমে শ্রমিকদের উৎসাহ ও কর্মপরিবেশে স্থিতিশীলতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।