ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মাদকবিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা নিয়ে ফেনী সদর থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকার এস রহমান ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছে।

এর ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আজিজুর রহমান (২৫) ও মো. দূর (২১) নামে দুজনকে আটক করা হয়।

আটক আজিজুর রহমান কক্সবাজারের রামু থানার শিয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে এবং মো. দূর একই থানার পানেরছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে।

পরে তাদের সঙ্গে থাকা একটি কফি রঙের ট্রলি ব্যাগ ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে বিশেষভাবে রাখা ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ জানায়, আটক দুজন ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফেনী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।