চট্টগ্রাম: দায়িত্ব পাওয়ার দুই বছরের মাথায় চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের নতুন সিভিল সার্জনের চলতি দায়িত্ব পেয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে চলতি দায়িত্বে চট্টগ্রামের সিভিল সার্জন করা হয়েছে।
বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
২০২৪ সালের ৩ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দায়িত্বকালে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারীসহ ১৭১টি পদে নিয়োগ পরীক্ষা নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা ওঠে।
নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের সময়মতো এসএমএস না পাওয়া, ওএমআর শিট পূরণ নিয়ে বিভ্রান্তি এবং পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফল প্রকাশের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা হয়।
এ ছাড়া সিভিল সার্জনের নাম ব্যবহার করে এক কর্মচারীর অর্থ আদায়ের অভিযোগ এবং বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স প্রদান ও নবায়ন নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ওঠে।
নতুন দায়িত্ব পাওয়া ডা. মোহাম্মদ সাজেদুর রহমান এর আগে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পদায়নের মধ্য দিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হচ্ছে।