হরিণা জোনের উদ্যোগে দুর্গম পার্বত্য এলাকায় অসহায়দের মাঝে ৭০ হাজার টাকার অনুদান

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম পার্বত্য এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হরিণা জোন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হরিণা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সমস্যা সমাধানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্স ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের আহারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি অসহায় মানুষের বসতবাড়ি মেরামতের জন্য একটি পরিবারকে ঢেউটিন, তিনটি পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ অনুদান দেওয়া হয়।

এ ছাড়া দুটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং একটি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ১৪টি পরিবার—যার মধ্যে ১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবার—এবং একটি হেফজখানা ও এতিমখানাকে সর্বমোট ৭০ হাজার ৩০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে।”

তিনি বলেন, ছোটহরিণার মতো দুর্গম, পার্বত্য ও নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরাবরের মতো মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।