চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। একজন সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে এসে জীবনের অধিকাংশ সময় ক্ষমতার বাইরে থেকেও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছেন তিনি। প্রায় ৩০ বছর আপসহীনভাবে গণতন্ত্রের পক্ষে রাজপথে সংগ্রাম করেছেন।
সোমবার (১৭ আগস্ট) কানাডার রেডহট তান্দুরী রেস্টুরেন্টের হলরুমে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডা পশ্চিম বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র শাহাদাত।
ডা. শাহাদাত হোসেন বলেন, কঠিন রাজনৈতিক বাস্তবতায় যখন অনেকেই আপস করেছেন, তখন বেগম খালেদা জিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্তের জন্যও আপস করেননি। এ কারণেই তিনি অন্যদের থেকে আলাদা। তিনি ছিলেন মানবতার প্রতীক ও আপসহীন দেশপ্রেমের প্রতীক।
তিনি বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের প্রতিটি সংকটে বেগম খালেদা জিয়া জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাঁর ত্যাগ ও সংগ্রামের বিনিময়েই দেশে বারবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
মেয়র শাহাদাত বলেন, বেগম খালেদা জিয়া তাঁর সারাজীবনের ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের যে মশাল জ্বালিয়ে গেছেন, সেই মশাল এখন তারেক রহমানের হাতে তুলে দিয়ে গেছেন। এই মশাল অত্যন্ত মূল্যবান, যা আমাদের সবাইকে বহন করতে হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, প্রকৃত অর্থে তিনি ছিলেন দেশের জনগণের নেতা। দেশের মানুষের কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের বাইরে না গিয়ে এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। গণতন্ত্র রক্ষায় তাঁর সংগ্রামী মনোভাবের কারণেই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন।
মেয়র বলেন, বিপদে-আপদে বেগম খালেদা জিয়া সবসময় সাধারণ মানুষের পাশে ছুটে গিয়েছেন। এর অন্যতম উদাহরণ ছিল তাঁর শেষ সফরে চট্টগ্রামে এসে নির্যাতিত ও অসহায় রোহিঙ্গাদের প্রতি সমবেদনা ও সহায়তা প্রদান। তীব্র শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত তিন বাহিনীর প্রধান ও অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার অনুরোধ করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসী বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার মহানুভবতা, দেশপ্রেম ও রাজনৈতিক ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কানাডা পশ্চিম শাখা বিএনপির সভাপতি আবদুল আহাদ খন্দকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডা পশ্চিম বিএনপি নেতা মাহবুব চৌধুরী, নাহিদ আহমেদ, জাকির খান, ইমন চৌধুরী, মাহবুব চৌধুরী রনি, আবদুল রহিমসহ সংগঠনের নেতাকর্মীরা।