ঈদ-ই-মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণ উদ্‌যাপনে সিএমপিতে মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

সভায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিএমপি কমিশনার। এ সময় তিনি সংশ্লিষ্ট সব সংস্থা ও আয়োজকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) অনুষ্ঠান সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।