১৫ আগস্টের আলোচনা সভায় জড়ো হওয়ার অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থিত ১৫ আইনজীবী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্ট থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টার মধ্যে ভবনটির পঞ্চম তলায় ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা করার জন্য আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সদস্যরা জড়ো হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা-পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানে কথিত মূল নেতৃত্বদানকারী অ্যাডভোকেট উম্মে হাবিবাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম আওয়ামী লীগের জেলা পরিষদের সদস্য; মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক; শুভ আইচ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক; কামেলা খানম রুপা, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক; সুজলা অন্তরা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক; শারমিনা ইয়াসমিন নিশু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।

এ ছাড়া সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা নম্বর ১২ রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।