বোয়ালখালীতে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও নিম চারা বিতরণ

‘সেবা হলো স্কাউটের ব্রত, গাছ লাগাই শতশত’—এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও নিম চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ আগস্ট আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. মাহাবুল আলম সওদাগর, মো. জামাল উদ্দিন, প্রণয় বড়ুয়া ও সাংবাদিক বাবর মুনাফ।

সংগঠনের সভাপতি লাবীব মোহাম্মদ তক্বী, পি.আর.এস. এবং সম্পাদক সৈয়দ মোহাম্মদ আসিফ মাহমুদ, পি.আর.এস.-এর সার্বিক সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক দিগন্ত নাগ, সদস্য সচিব পাভেল মহাজন, সিনিয়র রোভার মেট সুদীপ্ত দাশ, রোভার দুর্জয় দাশ, নাহিদ সুলতানা, সাথী চক্রবর্তী, স্বপ্না দে, উম্মে হাবিবা হীরা, সাফিয়া, ইমুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির অংশ হিসেবে স্বপ্নীল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা বোয়ালখালীর সারোয়াতলী, ধোরলা ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন। এসব এলাকার বিভিন্ন জামে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও শিক্ষা প্রতিষ্ঠানে সদস্যরা নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ঔষধি গুণসম্পন্ন নিম গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্কাউট সদস্যদের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।