খালেদা জিয়ার জন্মদিনে দেশরক্ষা তারেক মঞ্চের খতমে কোরআন, দোয়া ও তবারক বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে খতমে কোরআন, মিলাদ, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করেছে দেশরক্ষা তারেক মঞ্চ।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী স্কুল মাঠে এ আয়োজন করা হয়। খতমে কোরআন শেষে দুপুরে মিলাদ, দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি ও উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এমকেএম ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ‘গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সাদামাটা ও মানবিক মনের একজন মানুষ। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন। তার কর্মের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।

মোশাররফ হোসেন দীপ্তি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম এগিয়ে নিচ্ছে। দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে তিনি মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

দোয়া মাহফিলে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহিন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ বাহার, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল জক টুটুল, নগর যুবদলের সহ-সম্পাদক শাহজালাল পলাশ, মিজানুর রহমান দুলাল, মোহাম্মদ ইউসুফ, সাখাওয়াত কবির সুমন, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশবাসীর কাছে তার জন্য দোয়া করার আহ্বান জানান।