সীতাকুণ্ডে এলএনজি জাহাজে কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ শ্রমিকের মৃত্যু, ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বললেন আমির খসরু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজিবাহী জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ শ্রমিকের মৃত্যুর ঘটনাকে ‘খুবই মর্মান্তিক দুর্ঘটনা’ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের স্বজনদের সান্ত্বনা দিতে এবং আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারও পক্ষে বা বিপক্ষে কিছু নেই। সরকারের দায়িত্ব হলো তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের করে আনা।

তিনি জানান, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম গেছে। তারা জাহাজ থেকে গ্যাস নির্গত হওয়া বন্ধে কাজ করছে।

শিল্পকারখানায় কমপ্লায়েন্সের ওপর সরকারের জোর দেওয়ার কথা উল্লেখ করে আমির খসরু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্প খাতে কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। হংকং চার্টারের মানদণ্ড অনুযায়ী গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডের গ্রেডিং ও সনদ দেওয়া হয়। এই ঘটনায় কমপ্লায়েন্সের কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। ঘাটতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বারের পরিচালক এসএম সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।