চট্টগ্রামের সোনালী ব্যাংক লিমিটেডের পোর্ট শাখার অর্থ আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক কর্মকর্তা রবি রাম ত্রিপুরাকে মোট ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭৩ লাখ ৯২ হাজার ৮০৭ টাকা ৯৭ পয়সা জরিমানা করা হয়েছে।
মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, রবি রাম ত্রিপুরা সোনালী ব্যাংক লিমিটেডে ক্যাশিয়ার কাম ক্লার্ক হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি পোর্ট শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ভাতা ও বিভিন্ন বিল পরিশোধের দায়িত্বও তার ওপর ছিল।
অভিযোগে বলা হয়, দায়িত্ব পালনকালে বিভিন্ন বিল পরিশোধের হিসাব-নিকাশে গরমিল করে তিনি ব্যাংকের প্রায় ৩৩ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে তিনি লিখিত অঙ্গীকারনামায় ১২ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। বিষয়টি তদন্তে ব্যাংকের পক্ষ থেকে কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেও তদন্ত কমিটি গঠন করা হয়।
মামলার বিচার শেষে আদালত রবি রাম ত্রিপুরাকে দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও এক বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ৭৩ লাখ ৯২ হাজার ৮০৭ টাকা ৯৭ পয়সা জরিমানা করা হয়।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত থাকায় তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ১০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলার ২ ও ৩ নম্বর আসামিকে আদালত খালাস দিয়েছেন।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রনি।