রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মন্ত্রিসভা ও বিএনপির পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।

দলের নতুন মহাসচিব কে হবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় প্রক্রিয়া পর্যালোচনা করে তিনি পরবর্তীতে নতুন মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এখন সেটিই দলটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।