মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শীর্ষ ২৫ কোম্পানির সঙ্গে সরকারের আলোচনা

দেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫টি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

তিনি জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। গত তিন দিন ধরে প্রতিনিধি দলটি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকের আলোচনার বিষয়ে মাহ্‌দী আমিন বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ কীভাবে আরও বাড়ানো যায়, ব্যবসা-বাণিজ্যের পরিধি কীভাবে সম্প্রসারণ করা যায় এবং দেশের বর্তমান স্থিতিশীল অর্থনৈতিক অগ্রযাত্রা কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের বিভিন্ন নির্বাচনী ইশতেহারে থাকা নীতিমালা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়েও বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সরকারের পক্ষ থেকে মার্কিন বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সুযোগ তৈরি এবং ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।