৯ আগস্ট কক্সবাজার-চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, বন্যাদুর্গত পুনর্বাসন কর্মসূচিসহ ব্যস্ত সূচি

আগামী ৯ আগস্ট (রবিবার) কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একই তারিখ ও স্মারকে প্রতিস্থাপিত এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ৯টায় বিমানযোগে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর কার্যক্রম পরিদর্শন করবেন।

দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হয়ে ১২টা ২০ মিনিটে সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর দুপুর ১টা ১০ মিনিটে ফটিকছড়ির উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ২টায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় উপস্থিত হবেন এবং আল্লামা শাহ্ মুহিঝল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরে বিকেল ২টা ৩০ মিনিটে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন। সেখানে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী জেলা পরিষদ ডাক বাংলোয় স্বল্প বিরতির পর বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেবেন।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে যাত্রা করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর এবং এ সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁর সফরসঙ্গী থাকবেন।