আসন্ন হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক মানের সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে চট্টগ্রামে হৃদরোগ বিশেষজ্ঞদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (CSIC)-এর উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকালে নগরীর হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনটির শীর্ষ নেতৃত্ব আসন্ন সম্মেলনের সার্বিক লক্ষ্য, পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল। বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন ডা. কাজী শামীম আল মামুন।
সভায় সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’-এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার এবং মূল স্লোগান নির্বাচন করা হয়। এ পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম। পরে দেশের হৃদরোগ চিকিৎসার আধুনিকায়ন, ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রসার এবং আসন্ন সম্মেলনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এস. এম. ইফতেখারুল ইসলাম। এছাড়া সভায় সিএসআইসি-এর উপদেষ্টাবৃন্দ এবং বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের হৃদরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভার গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ করে শোনান সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ।
সমাপনী বক্তব্যে সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, “কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য ও প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।”
আয়োজকদের আশা, ‘কার্ডিকন-২০২৬’ দেশের হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।