চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন পুনর্বাসন ঘরের কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (৫ আগস্ট) তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন অনুষ্ঠানস্থল এবং পুনর্বাসনের জন্য নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন।
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালী সফর করবেন। সফরকালে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন নির্ধারিত অনুষ্ঠানস্থলে মঞ্চ, প্যান্ডেল, নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থানসহ সার্বিক প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
তিনি অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পরে বৃষ্টি ও কাদা উপেক্ষা করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন পুনর্বাসন ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি একটি জরাজীর্ণ ও আংশিক ভেঙে পড়া ঘরে বসবাসরত একটি পরিবারের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবারটি প্রধানমন্ত্রীর হাত থেকে নতুন ঘরের চাবি গ্রহণ করবে।
পরিদর্শনকালে নির্মাণাধীন ঘরের কাঠামোগত স্থায়িত্ব, নির্মাণমান এবং কাজের অগ্রগতি নিয়ে প্রকৌশলী ও নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তিনি মানসম্মত উপকরণ ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি টিনের ঘরে দুটি কক্ষ থাকবে। ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। এছাড়া পাঁচ ফুট বাই পাঁচ ফুট আয়তনের একটি সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকবে।
পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।