দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ চুক্তি সই, বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ-কোরিয়া সিইপিএ আলোচনা সমাপ্তি অনুষ্ঠান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সিইপিএ বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, চুক্তির আওতায় বাংলাদেশ ৯৭ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ৮৭ শতাংশ পণ্য ও সেবায় অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে।

চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে বিশেষ অগ্রাধিকার পাবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার নির্দিষ্ট কৃষিপণ্য ও প্লাস্টিক পণ্য বাংলাদেশে অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই চুক্তি করা হয়েছে। এর সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এটি কোনো গোপন চুক্তি নয়। চুক্তির প্রতিটি ধারা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং যে কেউ লাইন বাই লাইন পড়ে দেখার সুযোগ পাবেন।