রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার, তফসিল প্রস্তুতির চূড়ান্ত আলোচনা

রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ সংসদ সচিবকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করা বাধ্যতামূলক। সেই আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে উপস্থিত থাকবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা, নির্বাচনী সময়সূচি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হতে পারে।