১৮ মাসেই উৎপাদনে যাবে সিইআইজেডের প্রথম কারখানা: বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর প্রথম কারখানা আগামী ১৮ মাসের মধ্যেই উৎপাদনে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) আনোয়ারায় সিইআইজেডের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় সিইআইজেডের ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে প্রকল্প বাস্তবায়নের সময় নিয়ে আলোচনা হয়। প্রথমে ডেভেলপার প্রতিষ্ঠান জানায়, শিল্পাঞ্চলটি চালু করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তবে প্রধানমন্ত্রী তাদের ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালুর চ্যালেঞ্জ দেন। পরে ডেভেলপার প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম কারখানাটি উৎপাদনে যাবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এই শিল্পাঞ্চল চালু করা এবং চট্টগ্রামের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।”

চট্টগ্রামের সংসদ সদস্য ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন, চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের অতিথি। তারা দেশের উন্নয়ন ও শিল্পায়নের প্রত্যাশা নিয়ে এখানে বিনিয়োগ করতে এসেছেন। তারা লাভবান হবেন, একই সঙ্গে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ তৈরি হবে। তাই তাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, “এই শিল্পাঞ্চল পুরোপুরি চালু হলে আনোয়ারাসহ আশপাশের এলাকার অর্থনৈতিক চিত্র বদলে যাবে। সরকারও বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করবে। কোনো সমস্যা হলে আমরা সবাই মিলে তা সমাধানের চেষ্টা করব। আমাদের সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।”

আশিক চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য বিদেশি বিনিয়োগের কোনো বিকল্প নেই। বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে আছে। এই সুযোগ কাজে লাগাতে সরকার, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিইআইজেডের চেয়ারম্যান ওয়াং বেনচিয়ান, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।