অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।
গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিভিন্ন মহলে এ বিষয়ে জোর গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, সম্প্রতি রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে একটি প্রধান রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা-না থাকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে তার অপসারণের দাবিও ওঠে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বিধান রয়েছে।