চট্টগ্রাম: একদিনের ব্যবধানে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও চট্টগ্রাম নগরবাসীর দুর্ভোগ কমেনি। বরং টানা বর্ষণ ও জমে থাকা পানির কারণে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের কষ্ট ও ভোগান্তি আরও বেড়েছে।
বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও অনেক সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে এখনো জলাবদ্ধতা বিরাজ করছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা গেছে চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, চান্দগাঁও, মোহরা, বহদ্দারহাট, মুরাদপুর, শুলকবহর, বাকলিয়া, ফিরিঙ্গীবাজার, পাঠানটুলি, অক্সিজেন, পতেঙ্গা, ইপিজেড, কর্ণফুলী সংলগ্ন এলাকা, চাক্তাই ও আসাদগঞ্জ এলাকায়।
অনেক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সিএনজি অটোরিকশা, রিকশা ও ব্যক্তিগত যানবাহন বিকল হয়ে পড়েছে। দীর্ঘ যানজটের কারণে নগরবাসীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।
টানা বৃষ্টিতে অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ফলে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় মালামালের ক্ষয়ক্ষতির অভিযোগ করেছেন বাসিন্দারা। নিম্নআয়ের মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পাশাপাশি নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।