প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চউক চেয়ারম্যানসহ ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠক, পরিকল্পিত নগরায়ণে জোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরিকল্পিত নগরায়ণ, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নাগরিক সেবা সম্প্রসারণ এবং স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

রোববার  বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের নগরগুলোকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নগরের সুপরিকল্পিত সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুততম সময়ে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়নের নির্দেশ দেন।

বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রামে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি সরকারের অগ্রাধিকারভিত্তিক আবাসন কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আধুনিক আবাসন নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি এ খাতে চীনসহ বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

চট্টগ্রামকে পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক মহানগর হিসেবে গড়ে তুলতে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনা সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন চউক চেয়ারম্যান। তিনি বিধিমালা অনুযায়ী ইমারত নির্মাণ নিশ্চিতকরণ, নালা-নর্দমায় ময়লা-আবর্জনা ফেলা রোধ, পানিপ্রবাহের স্বাভাবিক পথ সচল রাখা এবং চউকের বিভিন্ন আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ছাড়াও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. শফিকুর আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারী চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী দেশের টেকসই ও আধুনিক নগরায়ণের লক্ষ্যে সংশ্লিষ্ট সব উন্নয়ন কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।