পটিয়া সিটি আইডিয়াল স্কুলে মা সমাবেশ ও ফল উৎসব, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

চট্টগ্রামের পটিয়ায় সিটি আইডিয়াল স্কুলে মা সমাবেশ, ফল উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পটিয়া বাসস্টেশন সংলগ্ন স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ আয়োজনকে ঘিরে অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

স্কুল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো চিফ শহীদুল্লাহ শাহরিয়ার। তিনি বলেন, “একজন শিশুর ভবিষ্যৎ গঠনে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মায়েদের নিয়ে এমন আয়োজন সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়। একইভাবে ফল উৎসবের মাধ্যমে শিশুদের মৌসুমি বিভিন্ন ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করার উদ্যোগও সময়োপযোগী।”

তিনি আরও বলেন, “শিক্ষাকে ব্যবসা হিসেবে নয়, সেবার মানসিকতা নিয়ে পরিচালনা করা উচিত। এতে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন হবে।”

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু তৈয়ব।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ আমির হোসাইন, মোহা আনোয়ার হোসেন, দিদারুল আলম, তৌহিদুল আলম, নাইম উদ্দিন, মনির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।