চট্টগ্রাম, ২ জুলাই: সারাদেশের সঙ্গে চট্টগ্রামেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা উপলক্ষে বিভিন্ন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক নগরীর চট্টগ্রাম কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “পরীক্ষা কোনো অসুস্থ প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও যোগ্যতা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই অযথা চাপ বা ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।”
তিনি বলেন, পরীক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করছেন, যাতে প্রতিটি কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়।
জেলা প্রশাসক অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের ওপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি না করে তাদের পাশে থাকার মানসিকতা গড়ে তুলতে হবে। পরীক্ষাকে জীবনের একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে না দেখে শেখার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম জেলার সব পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।