চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চসিক।
চসিক সূত্রে জানা গেছে, ০১৮২৯-৬১৪৬৩২ নম্বর থেকে মেয়রের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ফোন করে অর্থ দাবি করা হচ্ছে। প্রতারকরা বিভিন্ন কাজের কথা বলে টাকা চাওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে চেষ্টা করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ফোনকলের মাধ্যমে অর্থ, অনুদান, চাঁদা বা অন্য কোনো আর্থিক লেনদেনের অনুরোধ করা হয় না। তাই উল্লিখিত নম্বর কিংবা এ ধরনের অন্য কোনো নম্বর থেকে ফোন পেয়ে কেউ যেন অর্থ লেনদেন না করেন।
মেয়রের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই ব্যক্তিগত বা ব্যাংকিং সংক্রান্ত তথ্য অপরিচিত ব্যক্তির কাছে শেয়ার করা যাবে না। প্রতারণার এমন কোনো চেষ্টা বা সন্দেহজনক ফোনকল পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. আশরাফ খান দাবি করেছেন, দুই দিন আগে ‘মেয়র সাহেবের লোক’ পরিচয়ে এক ব্যক্তি চট্টগ্রামের আল আমিন মেডিক্যালের সামনে থেকে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
চসিক জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং প্রতারণার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।