চট্টগ্রাম চিড়িয়াখানায় মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিমের ৫ বাচ্চার জন্ম, চার বছরে সংখ্যা দ্বিগুণ

চট্টগ্রাম চিড়িয়াখানায় মহাবিপন্ন হলুদ পাহাড়ি কাছিম (Elongated Tortoise) সংরক্ষণে নতুন সাফল্য অর্জিত হয়েছে। গত ৬ জুন ২০২৬ তারিখে ডিম ফুটে এ প্রজাতির ৫টি বাচ্চা সফলভাবে জন্ম নিয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসন, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় ২০২২ সালে কাছিমগুলোর জন্য উন্নত ও বৃহত্তর আবাসস্থল, পরিবেশগত সমৃদ্ধকরণ (Environmental Enrichment) এবং আধুনিক পরিচর্যা ব্যবস্থা চালু করা হয়। এর ফলে প্রজাতিটির প্রজনন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।

এর আগে ২০২৩ ও ২০২৫ সালেও মোট ৫টি বাচ্চা জন্ম নিয়েছিল। এবারের ৫টি বাচ্চাসহ গত কয়েক বছরে মোট ১০টি বাচ্চার জন্ম হয়েছে, যার মধ্যে বর্তমানে ৮টি বেঁচে রয়েছে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, চার বছরের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় এ প্রজাতির কাছিমের সংখ্যা ৮ থেকে বেড়ে ১৬-এ পৌঁছেছে, যা শতভাগ জনসংখ্যা বৃদ্ধির সমতুল্য। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি Elongated Tortoise-এর সফল সংরক্ষণ প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এ সাফল্য ভবিষ্যতে প্রজাতিটির সংরক্ষণ, সফট রিলিজ (Soft Release) মনিটরিং এবং সম্ভাব্য পুনঃঅবমুক্তকরণ (Reintroduction) কর্মসূচির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।

চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও সংরক্ষণভিত্তিক উদ্যোগের মাধ্যমে দেশের বিপন্ন কচ্ছপ ও কাছিম প্রজাতি সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ অর্জনে সহযোগিতার জন্য জেলা প্রশাসক, চট্টগ্রামকে ধন্যবাদ জানানো হয়েছে।