সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে শিগগিরই চালু করা হবে ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’।
নতুন এ সেবার মাধ্যমে ভূমিসেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ অনলাইনে করা যাবে। অভিযোগ জমা হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারী এসএমএসের মাধ্যমে প্রাপ্তিস্বীকার বার্তা পাবেন। পাশাপাশি তদন্তের অগ্রগতি ও চূড়ান্ত ফলাফলও জানিয়ে দেওয়া হবে। এতে ভূমিসেবার মানোন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবারের মেলার প্রতিপাদ্য ছিল— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। অনুষ্ঠানে ১০ জন ভূমিহীন পরিবারের মাঝে কৃষি খাসজমি বন্দোবস্তের কবুলিয়ত প্রদান করা হয়। এছাড়া সেবা প্রত্যাশীদের হাতে খতিয়ান তুলে দেওয়া এবং মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে ভূমিসেবা বিষয়ক আবৃত্তি, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নাট্যধারা ‘গম্ভীরা’ পরিবেশন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হলো সম্মান, সততা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, সরকারি দপ্তরে এসে জনগণ যেন সেবার মান ও আন্তরিকতা অনুভব করতে পারেন, সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও জানান, বর্তমানে দেশের ১৯৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ নামমাত্র ফিতে অনলাইন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। এসব কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকেও ডিজিটাল সেবার আওতায় আনা সম্ভব হয়েছে।