স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যতিক্রমী উদাহরণ: সাংবাদিকদের সামনে আত্মসমালোচনায় চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন, যা স্থানীয় সাংবাদিকদের মতে প্রশাসনিক সংস্কৃতিতে বিরল উদ্যোগ। শুধু গত ছয় মাসের কর্মকাণ্ড তুলে ধরা নয়, বরং সরাসরি সাংবাদিকদের কাছে জানতে চেয়েছেন—চট্টগ্রামের মানুষ প্রশাসনের কাছে কী প্রত্যাশা করে, কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে জনসেবাকে আরও কার্যকর করা যায়।

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস’ শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন। এতে জাতীয় নির্বাচন, জঙ্গল সলিমপুর অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানবিক উদ্যোগসহ নানা কার্যক্রম তুলে ধরা হয়।

২০২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর আগে নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালেও ছয় মাস পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সামনে এসে প্রশাসনিক কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা করেছিলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ভিডিওচিত্রের মাধ্যমে গত ছয় মাসে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এতে মানবিক সহায়তা, গণশুনানি, সাংস্কৃতিক আয়োজন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক স্থান পায়।

ভিডিওচিত্রে উল্লেখ করা হয়, ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয় জেলা প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের দাবি, নির্বাচন ছিল অভিযোগহীন ও হতাহতবিহীন।

সংবাদ সম্মেলনে আলোচনায় আসে দীর্ঘদিনের অপরাধপ্রবণ এলাকা জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানও। জেলা প্রশাসক বলেন, সমন্বিত অভিযানের মাধ্যমে কোনো প্রাণহানি ছাড়াই এলাকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং পরবর্তীতে সেখানে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া ডিসি পার্ক-এ ফুল উৎসব, ডিসি হিল-এ বাংলা নববর্ষ উদযাপন এবং ঈদুল আজহা উপলক্ষে ‘ফেস্টিভ সেল’ চালুর উদ্যোগও তুলে ধরা হয়।

জ্বালানি সংকট মোকাবিলায় অবৈধ মজুদ ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীতাকুণ্ড এলাকায় ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দের তথ্যও উপস্থাপন করা হয়। পাশাপাশি ভূমি উদ্ধার, শ্রমিক অধিকার, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, সংস্কৃতি চর্চা, কারাগারে মানবিক উদ্যোগ এবং প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানির মতো কার্যক্রমের কথাও জানানো হয়।

তবে সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ হয়ে ওঠে জেলা প্রশাসকের আত্মসমালোচনামূলক বক্তব্য। তিনি বলেন, “মানুষের প্রত্যাশা পূরণে আমরা কতটা সফল, কোথায় ঘাটতি আছে—তা জানতে সমাজের দর্পণ গণমাধ্যমকর্মীদের সামনে এসেছি।”

তিনি আরও বলেন, “প্রত্যেক মানুষের মাঝেই কিছু সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দায়িত্বের জায়গা থেকে শতভাগ উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করছি।”

গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের সমালোচনা ও পরামর্শ প্রশাসনকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরীফ উদ্দিন, মো. কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল করিম কচিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।