ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, বিমানবন্দরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রসসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে জানানো হয়েছে।
গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান রাষ্ট্রপতি। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হলে ১২ মে জরুরি ভিত্তিতে সফল এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম ও পরবর্তী চিকিৎসা সম্পন্ন হয়।
প্রেস উইং আরও জানায়, চিকিৎসাধীন অবস্থাতেও রাষ্ট্রপতি বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাঠানো গুরুত্বপূর্ণ নথি ও সামারি ডিজিটালি অনুমোদন ও স্বাক্ষর করেন।
এছাড়া সফরকালে লন্ডনের হোটেল হিলটনে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে রাষ্ট্রপতির একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, এর আগেও হৃদরোগজনিত সমস্যার চিকিৎসা নিয়েছেন রাষ্ট্রপতি। ২০২৩ সালের অক্টোবরে তিনি ওপেন হার্ট সার্জারি করান এবং এরপর থেকে নিয়মিত ফলো-আপ চিকিৎসা নিচ্ছেন ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে।