চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজাপাড়া এলাকার একই পরিবারের চার সহোদর ভাইকে ওমানে সড়কের ধারে একটি গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— রাশেদ, সাহেদ, সিরাজ ও শহীদ। তারা দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওমানের একটি সড়কের পাশে পার্কিং করা গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে ওমানের আইনশৃঙ্খলা বাহিনী।
চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবর দেশে পৌঁছালে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহত চার ভাই পরিবারের উপার্জনের প্রধান ভরসা ছিলেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।