পতেঙ্গায় ২০ লাখ টাকার ডিজেলসহ ২ অয়েল ট্যাঙ্কার জব্দ, আটক ৯

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে “ও.টি কুরবান আলী শাহ” নামের একটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল “ও.টি সী স্টার” নামের অপর একটি ট্যাঙ্কারের কাছে বিক্রির সময় অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। একই সঙ্গে অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।

জব্দকৃত ডিজেল, অয়েল ট্যাঙ্কার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।