সাগরিকা ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সাগরিকা ফ্লাইওভারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার গুজব নাকচ পুলিশের
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার এলাকা থেকে আবু কাউসার (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু কাউসার পশ্চিম ফিরোজশাহ পোস্ট অফিস এলাকার বাসিন্দা। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। জীবিকার তাগিদে বিএসআরএম ডিপোতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের দাবি নাকচ করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আবু কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন।
তিনি আরও বলেন, পরিবারের তথ্য অনুযায়ী আবু কাউসার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।