চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি বলেছেন, সমাজের অন্যতম গর্বিত অংশ নার্সরা। বর্তমান সময়ে নার্সিং পেশা অত্যন্ত মহৎ, মানবিক ও সেবাধর্মী পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অসুস্থ মানুষকে সুস্থ করে কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে নার্সদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, নার্সদের কঠোর পরিশ্রম ও আন্তরিক সেবা ছাড়া কোনো রোগীর সুস্থ হয়ে ওঠা কঠিন।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল আয়োজিত আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে তিন লক্ষাধিক নার্সের প্রয়োজন হলেও এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে। ৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং ও ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফ কোর্স সম্পন্ন করে নার্সরা হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের পাশাপাশি নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। নারীদের পাশাপাশি পুরুষদেরও নার্সিং পেশায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে এ পেশা আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাবে।
অনুষ্ঠান শেষে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংগেল-এর ২০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”।
এর আগে সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জু রানী দাশ। যৌথভাবে সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স তপন চন্দ্র দে ও বাপ্পী দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও অর্থোপেডিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. রওশন আরা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. কে.এম আশিক আমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, চিকিৎসাসেবায় ডাক্তার ও নার্স একে অপরের পরিপূরক। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার, আন্তরিক যোগাযোগ ও দায়িত্বশীল সেবা নিশ্চিত করা গেলে দেশের স্বাস্থ্যখাত আরও উন্নত হবে। তারা রোগীর সমস্যাকে নিজের সমস্যা মনে করে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বলা হয়, উন্নত চিকিৎসাসেবার জন্য দেশের অনেক রোগী বিদেশমুখী হন। উন্নত দেশগুলোর হাসপাতালের নার্সদের আন্তরিক আচরণ ও রোগীবান্ধব সেবা থেকে শিক্ষা নিয়ে দেশের হাসপাতালগুলোতেও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে জন্মগ্রহণ করেন আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিংগেল। তাঁর জন্মদিনকে স্মরণ করে ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক নার্সেস দিবস’ পালন করা হচ্ছে।