“পদ-পদবী নয়, জনগণের পাশে থাকাই প্রকৃত রাজনীতি” — ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পদ-পদবী বড় বিষয় নয়, দলের আদর্শ ধারণ করে জনগণের পাশে থাকাই প্রকৃত রাজনীতি। তিনি নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (৮ মে) বিকেলে নগরীর লাভ লেইনস্থ স্বরনিকা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-৯ আসন বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান-এর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর।
ডা. শাহাদাত হোসেন বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান-এর আদর্শে রাজনীতি করি। এই দলকে ভালোবেসেই আমরা রাজপথে থেকেছি।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মনের মধ্যে হতাশা রাখা যাবে না, কারণ হতাশা মানুষকে দুর্বল করে দেয়।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও জানান তিনি।
জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, খাল-নালা সংস্কার ও পরিষ্কার কার্যক্রমের কারণে সাময়িক ভোগান্তি হলেও আগামী ছয় মাসের মধ্যে নগরবাসী সুফল পাবে। তার দাবি, এবার চট্টগ্রাম শহরের ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা কমে যাবে।
পরিচ্ছন্ন নগর গঠনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ প্রতিটি ইউনিটকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করে ময়লা-আবর্জনা মনিটরিং করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে দলের নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল অপকর্মে জড়ানোর চেষ্টা করছে, যা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের জমিতে ঘর নির্মাণের সময় জোরপূর্বক ইট-বালু সরবরাহের মতো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়া কোরবানির আগে ওয়ার্ডভিত্তিক অসচ্ছল মানুষের মাঝে চাল বিতরণের কথাও জানান তিনি।