বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল কেটে ব্রিজ নির্মাণ, প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল কেটে অবৈধভাবে ব্রিজ নির্মাণের দায়ে প্রবাসী মো. জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ৭ দিনের মধ্যে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি জানান, ইউএনও’র নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়ার মৃত আবুল খায়েরের ছেলে সিআইপি মো. জাহাঙ্গীর আলমকে মহাসড়ক আইন ২০২১-এর ৯(১৭) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগের পটিয়া সড়ক উপ বিভাগের উপ-প্রকৌশলী শাহরিয়ার কামাল।
এর আগে সকালে সড়ক ও জনপথ বিভাগের পটিয়া সড়ক উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (চ.দা.) মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়, মইজ্জ্যারটেক-বোয়ালখালী-কানুনগোপাড়া-পদুয়া-উদরবন্যা সড়কের অলিবেকারী মোড় এলাকায় ব্রিজ নির্মাণের জন্য সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল কেটে ক্ষতি সাধন করা হয়েছে। এ ঘটনায় নির্মাণাধীন লোহার ব্রিজ অপসারণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
জানা যায়, ছন্দারিয়া খালের ওপর ব্রিজ নির্মাণের উদ্দেশ্যে গাইড ওয়াল কেটে ফেলার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসে সড়ক ও জনপথ বিভাগ। খালের ভাঙন থেকে সড়ক রক্ষায় অলিবেকারীর মোড় থেকে জোট পুকুর পাড় এলাকা পর্যন্ত এই গাইড ওয়াল নির্মাণ করেছিল সওজ।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও একাধিকবার একই স্থানে ব্রিজ নির্মাণের চেষ্টা করলে প্রশাসনের বাধার মুখে পড়েন জাহাঙ্গীর আলম।