চট্টগ্রামের নতুন পুলিশ সুপার ডিসি মাসুদ আলম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বদলি করা হয়।
বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলায়। কর্মজীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে রাজধানীর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আলোচনায় আসেন।
কর্মদক্ষতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে সুনাম অর্জন করেন মাসুদ আলম। ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা—যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি কেন্দ্রিক বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা প্রশংসিত হয়।
এর আগে তিনি পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানে অংশ নেন।