বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অমিত সেনগুপ্ত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।