এইচএসসি পরীক্ষায় বাইরে থেকে উত্তর এনে নকল সরবরাহের চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষককে এক বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় দায়িত্ব পালনকালে বাইরে থেকে পরীক্ষার উত্তরপত্র এনে নকল সরবরাহের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে আরও দুই শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে এবং পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আলিম বিভাগের ইসলামের ইতিহাস পরীক্ষার সময় উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন রানীক্ষার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদরাসার শিক্ষক।

জানা গেছে, তিনি কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন। বিষয়টি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে দায়িত্বরত কর্মকর্তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেন। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ঘটনায় পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কেন্দ্রের দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি নকলের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলেন, পাবলিক পরীক্ষার সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরীক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।