এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। ফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবক ও শিক্ষকরাও। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রস্তুতের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই এবং জিপিএ নির্ধারণসহ প্রায় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত যাচাই-বাছাইয়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাইয়ের মধ্যেই ফল প্রস্তুতের শতভাগ কাজ শেষ হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, বোর্ডের লক্ষ্য ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করা। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বোর্ড সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, গত বছরের মতো এবারও ‘যা লিখেছে, তাই নম্বর’ নীতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। খাতা মূল্যায়নে কোনো ধরনের গ্রেস মার্ক, অতিরিক্ত নম্বর বা সহানুভূতিশীল মূল্যায়নের সুযোগ রাখা হয়নি।
ফল প্রস্তুতের সব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।