রেলওয়ের নিয়োগ দুর্নীতি: সাবেক জিএম ইউসুফ মৃধার ২ বছর, গোলাম কিবরীয়ার ৩ বছর কারাদণ্ড
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতি ও অনিয়মের মামলায় সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বাংলানিউজকে বলেন, মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ ও ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদের বিপরীতে ৩৮ হাজার ৩১৭টি আবেদন জমা পড়ে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৪ হাজার ৩০২টি আবেদন গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ১৩৯ জন প্রার্থী।
অভিযোগ অনুযায়ী, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করে লিখিত পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানো হয়। পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে কয়েকজন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দেওয়া হয়। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কিছু প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।
তদন্তে আরও উঠে আসে, নিয়োগে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও নিয়োগ দেওয়া হয় মাত্র পাঁচজনকে।
মামলার অভিযোগে বলা হয়, নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরীয়া, আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়ম করেন। লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
এ ঘটনায় দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের পর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
উল্লেখ্য, এর আগের দিন রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় একই দুই কর্মকর্তাকে কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.