চৌধুরী পাড়া কবরস্থানের উন্নয়নকাজ উদ্বোধন করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন
নগরীর চৌধুরী পাড়া কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও আলোকায়ন কাজ সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসব উন্নয়নকাজে মোট ২৬ লাখ ১৩ হাজার টাকা ব্যয় হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর চৌধুরী পাড়াস্থ কবরস্থানের এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে বহুমুখী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে চসিক।
ডা. শাহাদাত হোসেন বলেন, নগর উন্নয়ন বলতে শুধু সড়ক, ড্রেনেজ ব্যবস্থা কিংবা অবকাঠামোগত উন্নয়নকে বোঝায় না। নাগরিকদের ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত স্থাপনাগুলোর উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। এ বিবেচনায় নগরীর কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কবরস্থান আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষকে মৃত্যুর বাস্তবতা, পরকালীন জবাবদিহিতা এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। পবিত্র কোরআনের সূরা আত-তাকাসুরে সম্পদ ও প্রাচুর্যের প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হয়ে পড়ার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। তাই কবরস্থানের পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পরিবেশের সৌন্দর্য রক্ষা করা সবার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
চসিক প্রশাসক বলেন, নগরীর প্রতিটি এলাকার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পর্যায়ক্রমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের সুফল যেন নগরীর প্রত্যন্ত ওয়ার্ডের মানুষও সমানভাবে পান, সে লক্ষ্যেই চসিক কাজ করছে। এসব উন্নয়নকাজের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সহযোগিতাও প্রয়োজন।
চসিকের ২৬ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও আলোকায়নসহ সার্বিক উন্নয়নকাজ সম্পন্ন হওয়ায় কবরস্থানটির নিরাপত্তা জোরদার হয়েছে। পাশাপাশি এর পরিবেশ ও নান্দনিকতায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, মাঈনুদ্দিন চৌধুরী, শামশুল আলম, আব্বাস রশিদ, মো. সেলিম উদ্দিন, ফরিদুল আলম, আইয়ুব খান, মহসিন তালুকদার, কুতুব উদ্দিন চৌধুরী, আ. করিম, শফিকুল ইসলাম মহিউদ্দিন, জহির উদ্দিন বাবলু, দিদার, হায়াতুর রশিদ, শহিদুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, কবির মিয়া, রাসেল, সিরাজ উদ্দিন, শাহাজাহান আব্বাস রিপন, পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার উদ্দিন নিবলু।
কবরস্থানের উন্নয়নকাজ বাস্তবায়ন করায় চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.