চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটি পুনর্বহাল
বিলুপ্ত করা চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশে চট্টগ্রাম মহানগর এবং এর অধীন সব থানা ও ওয়ার্ড যুবদলের পূর্বে বিলুপ্ত কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এর আগে বিভিন্ন কারণে চট্টগ্রাম মহানগর যুবদল এবং এর অধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে এসব কমিটি আবারও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের ১ জুন মোশাররফ হোসেনকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ৪ অক্টোবর কমিটির আকার বাড়িয়ে ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
পরে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে মহানগর কমিটির পাশাপাশি এর আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটিগুলোও বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল।
কমিটি পুনর্বহালের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ দলের চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, কমিটি পুনর্বহালের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.