আগুন সন্ত্রাস ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে: এমপি এনাম

১

পটিয়া প্রতিনিধি, কাউছার আলম:

রাজনৈতিক উসকানি, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে পটিয়ার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। তিনি বলেছেন, ‘শান্ত পটিয়াকে অশান্ত করতে দেব না। যারা অশান্তি সৃষ্টি করবে, পটিয়ায় তাদের অবস্থান করতে দেওয়া হবে না। আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, আইনের আওতায় আনতে হবে।’

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমপি এনাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে, তবে প্রচলিত আইনের মুখোমুখি হতে হবে। ‘আসেন, আইনের কাঠগড়ায় দাঁড়ান। বাংলাদেশের প্রচলিত আইনে তাঁর বিচার হবে।’ একই সঙ্গে তাঁকে কেন্দ্র করে কেউ উসকানিমূলক কর্মকাণ্ড, অগ্নিসংযোগ কিংবা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতার তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ করেন।

মাদক ও অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, শুধু প্রশাসন কিংবা কোনো রাজনৈতিক দলের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। মাদকবিরোধী মিছিল ও সচেতনতামূলক কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। শুধু বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকলে হবে না, দেশ ও সমাজ রক্ষার দায়িত্ব সবার।

তিনি আরও বলেন, নিজের সন্তান মাদকাসক্ত হচ্ছে কি না, সে দায়িত্ব অভিভাবকদেরও নিতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় মাদক, সন্ত্রাস ও চুরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে এসব অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অবৈধভাবে মাটি কাটার কারণে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এনামুল হক এনাম। তিনি বলেন, বিভিন্ন স্থানে মাটি কাটার কাজে ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক নষ্ট হচ্ছে। এসব সড়ক সংস্কারের জন্য স্থানীয়দের কাছ থেকে নিয়মিত অভিযোগ পাওয়া যায়। মাটি কাটা বন্ধ করা গেলে সড়কের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি। ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করে প্রতিটি বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনার পরামর্শ দেন। পাশাপাশি এসব ক্যামেরার ফুটেজ থানায় কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পাহাড়ে অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও আহ্বান জানান তিনি।

সভায় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অগ্নিসংযোগ ও নাশকতার কিছু ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থলে এসে টায়ারে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে পুলিশি নজরদারির পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

শীত মৌসুমে গরু চুরির ঘটনা বাড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি গ্রাম পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। গরুর খামারিদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথাও বলেন তিনি।

ওসি আরও বলেন, অনেক খামারি লাখ লাখ টাকা বিনিয়োগ করে গরু পালন করলেও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে তেমন গুরুত্ব দেন না। কয়েকটি আইপি ক্যামেরা স্থাপন করলে চুরির ঘটনা শনাক্ত ও অপরাধীদের অনুসরণ করা সহজ হবে। সম্মিলিত উদ্যোগে এবারও গরু চুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। ডিসেম্বর মাসজুড়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে। তবে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিনা রক্তপাতে কীভাবে আন্দোলনকে এগিয়ে নিতে হয়, তারেক রহমান তা দেখিয়েছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংঘাত ও অস্থিতিশীলতা এড়িয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পটিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, মাদক ও সন্ত্রাস দমন, পাহাড়ে অপহরণ, গরু চুরি, অবৈধ মাটি কাটা এবং বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল ও হাইদগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ অনেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.