চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, মোবাইল নিয়ে বিরোধের সন্দেহ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কামাল বাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাকিবকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবির আটগাছতলা এলাকার নজুম উদ্দিনের ছেলে।

তবে কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। স্থানীয়দের ধারণা, মোবাইল নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে সাকিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.