আতুরার ডিপোতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
চট্টগ্রাম মহানগরের আতুরার ডিপো এলাকায় চার থেকে পাঁচ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেসার্স ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকেরা। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে শ্রমিকেরা প্রধান সড়কে অবস্থান নিলে অক্সিজেন-মুরাদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শ্রমিকদের দাবি, কারখানাটিতে প্রায় ১ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এর মধ্যে প্রায় ৩০০ জন পুরুষ এবং ৮০০ জন নারী। দীর্ঘদিন ধরে তাদের কয়েক মাসের বেতন ও অন্যান্য পাওনা বকেয়া রয়েছে। পাওনা পরিশোধের জন্য বারবার দাবি জানানো হলেও মালিকপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন আন্দোলনরত শ্রমিকেরা।
তাদের অভিযোগ, বেতন পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। এমনকি কারখানার গেটে তালা দিয়ে জোর করে কাজ করানোরও অভিযোগ করেন তারা।
শ্রমিকেরা আরও দাবি করেন, তাদের বকেয়া পাওনা পরিশোধ না করেই কারখানাটি বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে। মালিকানা পরিবর্তনের আগে সব বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।
তবে শ্রমিকদের অভিযোগের সঙ্গে একমত নন মালিকপক্ষ। ঘটনাস্থলে থাকা বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মালিক ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কারখানা বিক্রির সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন এবং নিজেরাই কারখানাটি পরিচালনা করবেন।
ওসি আরও বলেন, মালিকের দাবি অনুযায়ী শ্রমিকদের কোনো বেতন বা অন্য কোনো পাওনা বকেয়া নেই। ভবিষ্যতে কারখানা বিক্রি করা হলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।
এদিকে শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।
সড়ক অবরোধের কারণে আতুরার ডিপো থেকে অক্সিজেন-মুরাদপুর সড়কের বিভিন্ন অংশে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এতে কর্মস্থল ও গন্তব্যে যেতে গিয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.