চট্টগ্রাম, ৩১ জুলাই: টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আলোর ঠিকানাকে ৮-৭ গোলে হারিয়ে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব’ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
খেলার প্রথমার্ধে দুই দলই একটি করে পেনাল্টি লাভ করে। আলোর ঠিকানার অধিনায়ক আরিফুল ইসলাম প্রথম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর অধিনায়ক রফিকুল ইসলাম পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে উভয় দল একাধিক আক্রমণ চালালেও খেলার শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে সমতা ফেরান আলোর ঠিকানার মো. সাইফ উদ্দিন। পরে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জয় নিশ্চিত করে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী।
খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের সভাপতিত্বে এবং মোশারফ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “খেলাধুলার কোনো বিকল্প নেই। মেয়র হওয়ার পর চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এরই মধ্যে ১১টি মাঠের কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই জাম্বুরি খেলার মাঠ উদ্বোধন করা হবে। এছাড়া আরও কয়েকটি মাঠ নির্মাণের জন্য ডিপিপি প্রস্তুত করা হচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। এছাড়া বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুবসহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইকরাম হোসেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সামিউর রহমান। সুশৃঙ্খল দলের স্বীকৃতি অর্জন করে কল্লোল সংঘ গ্রীন। সেরা টিম ম্যানেজার নির্বাচিত হন ইউনুচ মিয়া জুয়েল এবং সেরা কোচের পুরস্কার পান বাহার হোসেন খান।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর অধিনায়কের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.